মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
চলতি বছর মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। তবে বেসরকারি পর্যায়ে কর্মী পাঠানোর ক্ষেত্রে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত ব্যয়ের কথা সংশ্লিষ্ট পক্ষ থেকে বলা হচ্ছে। এ ব্যয় সরকার নির্ধারিত নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।
তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য মেডিক্যাল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।
অভিবাসন ব্যয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাদের সরকারিভাবে যেটা, সেটা ১ লাখ ৫৪ হাজার টাকা। সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা এর মধ্যে। এটা তাদের ভাষ্য। এটা আমাদের সরকার নির্ধারিত না। কিন্তু তারা যেটা বলছে, তারা যদি সেটাতে থাকত তাহলে আমাদের এত মানুষ সাফারার হতো না।’
এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি দেশটির পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
সরকারি নির্ধারিত অভিবাসন ব্যয়ের পাশাপাশি বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ বাস্তবায়িত হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে বেসরকারি পর্যায়ে নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায় ঠেকানো এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।





















