প্রতিদিন দুই শিফটে পরীক্ষা
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সাপ্লিমেন্টারি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি: প্রকাশিত রুটিন দেখতে এখানে ক্লিক করুন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এ সময়সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যান্য বিষয়ের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। সকালের শিফটে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে না। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।
ইংরেজিতে পরীক্ষার্থী সবচেয়ে বেশি
গত ৫ নভেম্বর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়ে ৯ নভেম্বর শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে চার লাখের কিছু বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছে।
বিষয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শিক্ষার্থী ইংরেজিতে পুনঃপরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে। এ বিষয়ে ফরম পূরণ করেছে ২ লাখ ৪৬ হাজার ২৮৬ জন।
দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৩৮ হাজার ৫১৪ জন ফরম পূরণ করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে। তৃতীয় অবস্থানে থাকা রসায়নে ফরম পূরণ করেছে ২৭ হাজার ৪৬৬ জন। এ তিনটি বিষয়ের বাইরে আরও কয়েকটি বিষয়ে অল্পসংখ্যক শিক্ষার্থী পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছে।






















