তেঁতুলিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমবায় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে উপজেলার ১৮৩টি সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের নিয়ে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকেলে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাদাত হোসেন রঞ্জু, তেঁতুলিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আলহাজ মাসুদ আল করীম সরকার, জিয়া পরিষদের সভাপতি এম এ জব্বার এবং তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. সোহরাব আলী।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু নোমান এনাম, বেরং পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, মাঝিপাড়া সমবায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. নুর ইসলামসহ অনেকে।

























