নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিককে হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, অভিনয় ও অঙ্গভঙ্গিসহ বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) পরীমনি, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। নোটিশে পরীমনির পূর্ণ নাম শামসুন্নাহার স্মৃতি উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
নোটিশে এসব কর্মকাণ্ডের ক্ষেত্রে চলচ্চিত্র, ভিডিওচিত্র, অডিওভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনের বিষয়ও উল্লেখ করা হয়েছে। যেসব কর্মকাণ্ডের কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, সেগুলো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।























