২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত ১,২২৫, উপসর্গে মৃত্যু ২ শিশুর

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৭ শিশুর শরীরে।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭৭ শিশুর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৪২।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০।


























