দুর্নীতির কারণে নষ্ট হয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি

- সংবাদ প্রকাশের সময় : ০৩:১২:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের বহু সমবায় সমিতি কার্যকারিতা হারিয়ে ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতের এ পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতা, সুশাসন ও কঠোর জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে বৈশ্বিক সংকট ও জ্বালানি সমস্যার প্রভাব মোকাবিলা করে অর্থনীতির গতি সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সমবায় কেবল পণ্য উৎপাদন কিংবা ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়গুলো সরাসরি জড়িত। এসব সম্ভাবনা কাজে লাগিয়ে স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সমবায়কে কার্যকর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটসহ অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সংকট মোকাবিলা এবং অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
সমবায় খাতের দুরবস্থার কারণ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির কারণে অনেক সমিতি তাদের কার্যকারিতা হারিয়েছে। এ অবস্থা পরিবর্তনে সমবায় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কার্যকর ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমবায় খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





















