প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ভোটার হওয়ার বয়সের আগেই নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্যোগের অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের এনআইডি নিবন্ধন শুরুর প্রস্তাব উঠেছে। তবে প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে; চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কমিশন সূত্র জানায়, সম্প্রতি এক বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি আলোচনায় তোলেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি প্রাথমিক পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের নিবন্ধন কার্যক্রম শুরুর প্রস্তাব দেন।
বিষয়টি নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন। কর্মশালায় আলোচনার ভিত্তিতে সুপারিশ তৈরি করে কমিশনে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি মহাপরিচালককে।
বর্তমানে ১৭ বছর বয়স থেকে এনআইডি সেবা দিয়ে আসছে ইসি। তবে ভোটার হওয়ার আগেই নাগরিকদের পরিচয়পত্র দেওয়ার দাবি বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরে জানানো হচ্ছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে এবার অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের বিষয়টি প্রাতিষ্ঠানিকভাবে বিবেচনায় নিচ্ছে কমিশন।
এদিকে, সর্বশেষ ভোটার তালিকার তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
তবে শিশুদের এনআইডি দেওয়ার ক্ষেত্রে নিবন্ধন পদ্ধতি, তথ্য যাচাই, পরিচয়পত্রের ব্যবহার এবং ভোটার তালিকার সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো কীভাবে নির্ধারণ করা হবে, তা এখনো স্পষ্ট নয়। কর্মশালার সুপারিশের পর এসব বিষয়ে কমিশনের অবস্থান জানা যেতে পারে।





















