ছেলে-জামাইয়ের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ডেমোক্র্যাটদের
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে চাপে ট্রাম্প

- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর নতুন রাজনৈতিক চাপে পড়তে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের ক্ষমতা কাজে লাগিয়ে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ও তাঁর ঘনিষ্ঠদের আর্থিক কর্মকাণ্ড খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল। সেই তালিকায় রয়েছেন ট্রাম্পের জ্যেষ্ঠ ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং জামাতা জ্যারেড কুশনার।
কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ড নিয়ে শুনানি আয়োজন, সমন জারি এবং তদন্ত পরিচালনার সুযোগ তৈরি হয়েছে ডেমোক্র্যাটদের সামনে। শুক্রবার হাউস জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট প্রতিনিধি জেমি রাসকিন এবং হাউস ওভারসাইট কমিটির প্রতিনিধি রবার্ট গার্সিয়া এ বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করেছেন।
রাসকিনের অভিযোগ, ইরান যুদ্ধ এবং শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়েছে। এসব সিদ্ধান্তের পেছনে দুর্নীতির প্রভাব ছিল কি না, তা খতিয়ে দেখতে চান তাঁরা। তাঁর ভাষায়, এসব ব্যয়ের মূলে পুরোপুরি না হলেও উল্লেখযোগ্যভাবে দুর্নীতি জড়িত ছিল।
ডেমোক্র্যাটদের নজরে বিশেষভাবে রয়েছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তাঁদের অভিযোগ, ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিতে কুশনারের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। বারাক ওবামার আমলে করা ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে দাবি ডেমোক্র্যাটদের।
কুশনার ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক কোনো পদে না থাকলেও মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্টের দূত হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ থেকে তাঁর ব্যক্তিগত বিনিয়োগ প্রতিষ্ঠান কী পরিমাণ অর্থ পেয়েছে, তা তদন্তের আওতায় আনতে চান জেমি রাসকিন।
অন্যদিকে, ট্রাম্পের জ্যেষ্ঠ ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিরুদ্ধেও অতীতে ওঠা বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার পরিকল্পনা রয়েছে ডেমোক্র্যাটদের। ফলে কংগ্রেসের নতুন রাজনৈতিক সমীকরণে ট্রাম্পের প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের ব্যবসায়িক কর্মকাণ্ডও তদন্তের মুখে পড়তে পারে।
























