সন্তান না হওয়ার দায়ে ভাঙল সাত বছরের সংসার
বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে স্ত্রীর আকুতি

- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সাত বছরের সংসার। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়, জমে থাকা স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন—সবকিছু যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। সন্তান না হওয়ার কারণ দেখিয়ে স্বামী যখন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন, তখন সংসারটি টিকিয়ে রাখতে শেষ চেষ্টা করেছিলেন স্ত্রী। স্থানীয় সালিশের মধ্যেই স্বামীর পা ধরে কেঁদে কেঁদে অনুরোধ করেন, তাঁকে যেন ছেড়ে না যান। কিন্তু স্ত্রীর সেই আকুতিতেও বদলায়নি স্বামীর সিদ্ধান্ত।
শনিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার।
ভিডিওতে দেখা যায়, স্থানীয় গ্রাম্য সালিশে স্বামীর কাছে বিচ্ছেদ না দেওয়ার অনুরোধ জানাচ্ছেন ওই নারী। একপর্যায়ে স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। সংসার টিকিয়ে রাখার আকুতি জানান বারবার। কিন্তু তাঁর অনুরোধে সাড়া দেননি স্বামী। শেষ পর্যন্ত সাত বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে।
স্থানীয় সংবাদকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে চিকিৎসা করানোর পর স্বামী জানতে পেরেছেন, তাঁর স্ত্রী মা হতে পারবেন না। এরপরই স্ত্রীকে নিয়ে আর সংসার করতে চাননি তিনি। সন্তান না হওয়ার বিষয়টিকেই বিচ্ছেদের কারণ হিসেবে সামনে আনা হয়েছে।
ভুক্তভোগী নারীর বাড়ি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে। তাঁর স্বামীর বাড়ি মেহেন্দিগঞ্জের বাবনের চর এলাকায়। তবে বর্তমানে তাঁরা নরসিংদীতে বসবাস করছিলেন। স্থানীয় সংবাদকর্মীদের কাছে ওই নারী বিচ্ছেদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাত বছরের সম্পর্কের শেষ পরিণতি এবং বিচ্ছেদ ঠেকাতে স্ত্রীর এমন অসহায় আকুতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে সন্তান না হওয়ার দায় একা নারীর ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। সন্তান ধারণের সক্ষমতা নারী-পুরুষ উভয়ের চিকিৎসাগত বিষয়; এ ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ ছাড়া কাউকে দায়ী করা বৈজ্ঞানিকভাবে সমর্থনযোগ্য নয়।





















