যশোরে বিয়ের প্রলোভনে কিশোরীকে পাচারের চেষ্টা, আটক ২

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাঁদের আটক করা হয়। এ সময় কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, কিশোরী লিজার বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে নানির বাড়িতে থাকত। সম্প্রতি নানিও তাকে বাড়ি থেকে বের করে দেন। এ অবস্থায় রাফেজা নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন।
ওসি বলেন, একপর্যায়ে লিজাকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিয়ে আসেন রাফেজা ও সেন্টু। সেখানে বিয়ের আয়োজনের আড়ালে তাকে পাচারের প্রক্রিয়া চলছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা। কিশোরীকে বিয়ের সাজে বসে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে রাফেজা ও সেন্টু সেখানে ফিরে এলে স্থানীয়রা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের কথাবার্তায় অসংগতি দেখা দিলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং রাফেজা ও সেন্টুকে আটক করে।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























