রাজনৈতিক সমর্থনের প্রতিফলন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সরকারি প্রশাসনে রাজনৈতিক সমর্থনের প্রতিফলন যেন কোনোভাবেই দাপ্তরিক কাজে না পড়ে, সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সমর্থন থাকতেই পারে। তবে সেই সমর্থনের প্রকাশ ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে হবে। এ ক্ষেত্রে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতাই বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রশাসনের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতি কর্মকর্তাদের সমর্থন থাকা দোষের কিছু নয়। তবে সেই সমর্থন সরকারি দপ্তরের কাজে নয়, ভোটের মাধ্যমে প্রকাশ পেতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকারও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং তা সরকারি প্রশাসনের মাধ্যমেই করছে। তবে এর ভিত্তি হচ্ছে জনগণের দেওয়া ম্যান্ডেট। নির্বাচনের আগে রাজনৈতিক দল হিসেবে জনগণের সামনে নির্বাচনি ইশতেহার তুলে ধরা হয়েছিল। জনগণ সেই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার এখন জনগণের ইশতেহার ও দলিল। সেটি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের প্রশাসনিক কাজ কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করবেন—এটাই সরকারের প্রত্যাশা।
নতুন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে সেই জ্ঞান প্রয়োগের কৌশল তাঁরা শিখেছেন। এখন সরকারি প্রশাসনে যাঁর ওপর যে দায়িত্ব অর্পিত হবে, অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তা যথাযথভাবে পালন করতে হবে।
তারেক রহমান বলেন, প্রশিক্ষণ শেষে কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কর্মজীবন শুরু করতে যাচ্ছেন। তাঁদের অধিকাংশই সম্ভবত প্রথমবারের মতো কর্মস্থলে পদায়ন পাবেন। তাঁরা এখন রাষ্ট্রের জনপ্রশাসনের অংশ। এ পর্যায়ে তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য ও সাফল্য কামনা করেন তিনি।
প্রশাসনের দক্ষতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রশাসন যত বেশি দক্ষ হবে, সরকারের কার্যক্রমও তত বেশি সফল হবে। সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন জরুরি।





















