ঝালকাঠিতে শিশুদের জন্য বিনামূল্যে বিশেষ চিকিৎসা ক্যাম্প

- সংবাদ প্রকাশের সময় : ১২:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
শিশুদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ঝালকাঠিতে দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উই ক্যান চেঞ্জ (ডব্লিউসিসি)। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, বিশেষজ্ঞ পরামর্শ ও ওষুধ দেওয়া হচ্ছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে ঝালকাঠি শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। এতে চিকিৎসাসেবা দিচ্ছেন ঢাকা শিশু হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলসহ শিশু মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
ক্যাম্পে নবজাতক থেকে শুরু করে ১৮ বছর বয়সী শিশুদের বিভিন্ন স্বাস্থ্যসমস্যার চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসার পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। শিশুদের হিমোগ্লোবিন ও রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধ।
আয়োজকেরা জানান, শিশুদের বিভিন্ন স্বাস্থ্যসমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা, অভিভাবকদের সচেতন করা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষ করে যেসব পরিবার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে নানা সীমাবদ্ধতার মুখে পড়ে, তাদের জন্য এ ক্যাম্প সহায়ক হবে।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেওয়া অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সময়মতো রোগ শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যসমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়।
শিশুদের সুস্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও শিশুদের পাশে থেকে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে আয়োজক সংগঠনটি।


























