সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর

- সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
যশোরে শাহানারা খাতুন (৩২) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে। হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তিনি। শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৬টার দিকে যশোর শহরতলির সাতমাইল (সানতলা) পেপসি কোম্পানির মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহানারা খাতুন মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর মেয়ে। অভিযুক্ত আতিয়ার রহমান একই উপজেলার সাততলা গ্রামের আশরাফ আলীর ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আতিয়ার রহমান বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
নিহতের ছেলে রায়হান হোসেন জানান, পারিবারিক কলহের জেরে প্রায় চার মাস আগে তাঁর বাবা আতিয়ার রহমান মাকে তালাক দেন। তবে বিচ্ছেদের পরও তাঁদের বাড়িতে যাতায়াত ছিল বাবার।
রায়হান বলেন, তিনি পেপসি কোম্পানিতে চাকরি করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তাঁর মা মোবাইল ফোনে কল করেছিলেন। তখন তিনি ফোন ধরতে পারেননি। পরে রাত সাড়ে ৮টার দিকে মায়ের নম্বরে কল করলে তাঁর বাবা আতিয়ার রহমান ফোন রিসিভ করেন। এ সময় তিনি জানান, মা ঘুমিয়ে আছেন। পরদিন সকালে মায়ের হত্যার খবর পান রায়হান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পারিবারিক কলহের জেরে শাহানারা খাতুনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর সাবেক স্বামী আতিয়ার রহমানকে আটক করা হয়েছে। অভিযুক্ত নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



























