গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি

- সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। জেলায় বিজিবি মোতায়েন ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।
সকালে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। সকাল সাড়ে ৮টার দিকে তাঁদের সড়কে নামতে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের দলবদ্ধভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।
মো. আরিফ হোসাঈন বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিজিবির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও বাড়ানো হয়েছে। বর্তমানে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বিজিবি সদস্যরা ইতিমধ্যে মাঠে অবস্থান নিয়েছেন। অন্যান্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, সকাল ৮টার কিছু আগে শ্রমিকেরা মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আন্দোলনের মধ্যে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও একটি কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে।
অস্থিরতার কারণে গাজীপুরের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছে প্রশাসন।


















