কাবাডির ফাইনালে অভয়নগর ও কোতয়ালী চ্যাম্পিয়ন
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে যশোরে শেষ হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। উত্তেজনাপূর্ণ ফাইনালে পুরুষ বিভাগে অভয়নগর থানা এবং নারী বিভাগে কোতয়ালী থানা দল জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যেই দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কারিগরি সহায়তা, কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতা এবং স্থানীয় ক্রীড়া সংস্থার পরামর্শে নির্ধারিত বাইলজ অনুযায়ী প্রতিযোগিতাটি পরিচালিত হয়।
প্রথম ধাপে ইউনিয়ন পর্যায়ে নারী ও পুরুষ দল গঠন করে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন নির্বাচন করা হয়। পরে উপজেলা পর্যায়ের বিজয়ী ৮টি পুরুষ ও ৮টি নারী দল নিয়ে শুরু হয় জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতা।

জেলা পর্যায়ের ফাইনালে পুরুষ বিভাগে অভয়নগর থানা দল চ্যাম্পিয়ন এবং কোতয়ালী থানা দল রানার্সআপ হয়। নারী বিভাগে শিরোপা জেতে কোতয়ালী থানা দল; রানার্সআপ হয় বাঘারপাড়া থানা দল।
জেলা পর্যায়ের বিজয়ী দলগুলো এবার বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। সেখান থেকে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জায়গা করে নেবে দলগুলো।
খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, জেলা কাবাডি ফেডারেশনের আহ্বায়ক আবুল বাশার সাইফুদ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা চিন্ময় সাহা।
এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মো. মুন্না বিশ্বাস, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, পুলিশ লাইন্সের আরআই, কাবাডি ফেডারেশনের মনোনীত রেফারি, বিভিন্ন থানা থেকে আসা খেলোয়াড় ও কোচ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
























