দুর্গাপূজার ছুটি পাবেন না যারা, ১৭ অক্টোবর খোলা অফিস
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা পাঁচ দিনের ছুটি। দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন।
তবে এই ছুটি সব কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। জরুরি ও অত্যাবশ্যকীয় বেশ কিছু সেবা এবং প্রতিষ্ঠানকে সাধারণ ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
যেসব সেবা চালু থাকবে
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবা সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে।
এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটি পাবেন না।
হাসপাতাল-জরুরি সেবায় ছুটি নেই
হাসপাতাল ও জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরাও সাধারণ ছুটির বাইরে থাকবেন। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীদের জন্যও ছুটি প্রযোজ্য হবে না।
এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও ছুটির আওতামুক্ত থাকবে।
ব্যাংক-আদালতের বিষয়ে আলাদা নির্দেশনা
ছুটির সময়ে ব্যাংকিং কার্যক্রম কীভাবে চলবে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রমের বিষয়ে নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটির বিষয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
১৭ অক্টোবর খোলা থাকবে অফিস
দুর্গাপূজার ছুটির সঙ্গে সমন্বয় করতে আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।
অর্থাৎ পূজার আগে শনিবার কর্মদিবস থাকলেও এরপর সরকারি চাকরিজীবীদের জন্য শুরু হবে টানা পাঁচ দিনের ছুটি।

























