সত্য ও তথ্যনির্ভর সংবাদে গুরুত্ব দিতে হবে: টাঙ্গাইলের ডিসি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে জেলা পর্যায়ের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উন্নয়ন, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মানুষের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের বিষয়ে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাতে মানুষ বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় টাঙ্গাইলের চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক।
এ সময় জেলার সার্বিক পরিস্থিতি, প্রশাসনের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় হয়।
সভায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহম্মেদ, সাবেক সভাপতি অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া টাঙ্গাল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
মতবিনিময় সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান।























