নিষেধাজ্ঞায় কর্মহীন জেলে, দুমকিতে ৩৯৭ পরিবার পেল ভিজিএফের চাল
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এতে আয়-রোজগার বন্ধ হয়ে পড়া জেলে পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পটুয়াখালীর দুমকিতে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। ইউনিয়নের তালিকাভুক্ত ৪১৭টি জেলে পরিবারের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৯৭টি পরিবারকে ভিজিএফের চাল দেওয়া হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিল্লুর রহমান সোহরাব, ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নির্ধারিত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে। ফলে মাছ ধরেই জীবিকা নির্বাহ করা জেলে পরিবারগুলোর আয় এ সময়ে বন্ধ হয়ে যায়।
এই পরিস্থিতিতে জেলেদের খাদ্য সহায়তা দিতে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করছে।
মৎস্য বিভাগের পক্ষ থেকে নিষেধাজ্ঞার পুরো সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


























