ভালো দামের আশায় বাড়ছে শীতকালীন সবজি চাষ
আগাম আলুতে ব্যস্ত রাণীশংকৈলের কৃষক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
শীতের আগমনী হাওয়া বইতে না বইতেই মাঠে নেমেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের কৃষকরা। আগাম আলু ও শীতকালীন সবজি বাজারে তুলে ভালো দাম পাওয়ার আশায় এখন জমি প্রস্তুত, বীজ রোপণ, সেচ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম আলুর পাশাপাশি ফুলকপি ও বাঁধাকপির আবাদও জমে উঠেছে। বাজারে মৌসুমের শুরুতেই তুলনামূলক ভালো দাম পাওয়ার আশায় অনেক কৃষক অন্যান্য ফসলের বদলে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন।
৩০৭ হেক্টরে আলু-ফুলকপি-বাঁধাকপি
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে আবাদ কার্যক্রম এখনও চলমান। পাশাপাশি ১৩১ হেক্টর জমিতে ফুলকপি এবং ৫১ হেক্টর জমিতে বাঁধাকপির চাষ হয়েছে।
ভালাপাড়া, ভরনিয়া, উমরাডাঙ্গী ও রাউৎনগর এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকরা জমিতে আগাম আলুর বীজ রোপণে ব্যস্ত। কোথাও চলছে সেচ, আবার কোথাও ফুলকপি ও বাঁধাকপির জমিতে পরিচর্যার কাজ।
খরচ বেশি, তবু আগাম চাষে লাভের আশা
কৃষকদের ভাষ্য, আগাম আলু ও সবজি বাজারে তুলতে পারলে সাধারণ সময়ের তুলনায় ভালো দাম পাওয়া যায়। তাই উৎপাদন খরচ কিছুটা বেশি হলেও আগাম চাষে লাভের সম্ভাবনা রয়েছে।
ভালাপাড়ার কৃষক আব্দুল কুদ্দুশ বলেন, আলু ও শীতকালীন সবজি চাষে খরচ বাড়ছে। তবে বাজারে ভালো দাম পাওয়া গেলে সেই খরচ উঠে লাভ করা সম্ভব। কিন্তু বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগও রয়েছে।
রোগবালাই নিয়ন্ত্রণে কৃষকদের পরামর্শ
উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, আগাম সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই ও পোকার আক্রমণ ঠেকাতে নিয়মিত মাঠ পরিদর্শনের পাশাপাশি সঠিক মাত্রায় সার ও বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
আবহাওয়া অনুকূলে থাকলে এবার রাণীশংকৈলে আগাম আলু ও শীতকালীন সবজির ভালো ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এতে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি স্থানীয় বাজারেও শীতকালীন সবজির সরবরাহ বাড়বে।
























