দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান স্পিকারের

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার অপচেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, একটি দেশবিরোধী শক্তি দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় রাজনৈতিক বিভেদ ভুলে সংসদ সদস্যদের সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
সংসদ সদস্যদের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমদ বলেন, গভীর উদ্বেগের সঙ্গে তিনি লক্ষ্য করছেন, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে এ পরিস্থিতিতে দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্য দেশের প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করেছে। চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। অধিবেশনজুড়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সদস্যদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে অধিবেশন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সমাপ্তি-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন স্পিকার।
গত ৯ নভেম্বর শুরু হওয়া চতুর্থ অধিবেশনে মোট আটটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় চারটি বিল উত্থাপন করা হলে সব কটিই পাস হয়। পাশাপাশি তিনটি সংসদীয় কমিটি ও একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়।
অধিবেশনে সংসদীয় কার্যপ্রণালির ৪২, ৬০, ৬২, ৬৮, ৭১, ৭৮, ৮২, ১৩১, ১৩৭, ১৪৭, ১৬৪ ও ৩০২ বিধিতে বিভিন্ন বিষয়ে নোটিশ দেন সংসদ সদস্যরা। এসব নোটিশের অধিকাংশই গৃহীত ও আলোচিত হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৭৪টি প্রশ্নের নোটিশ জমা পড়ে। এর মধ্যে ১৭টির উত্তর দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য পাওয়া ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের মধ্যে ২ হাজার ১৬৯টির জবাব দেওয়া হয়।
























