ঢাকায় আত্মগোপনে থাকা আ’ লীগের নেতাকর্মীদের খুঁজতে বিশেষ অভিযান
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শনাক্তে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকায় আশ্রয় নেওয়া এসব নেতাকর্মীকে গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান চালানোর প্রস্তুতি চলছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো এবং পুলিশের টহল বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে কেউ বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
নিয়াজ মেহেদী বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যারা পালিয়ে ঢাকায় আশ্রয় নিয়েছেন, তাঁদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে।
রাজধানীর সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায়ও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এসব স্থাপনায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকের সদস্যরাও নজরদারি করছেন।
অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ঘটনায় মামলা হয়েছে ৬৪টি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭১ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে জানানো হয়েছে।
























