রাতের অন্ধকারে হামলা করতে এলে দাঁতভাঙা জবাব দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
রাতের অন্ধকারে হামলা চালাতে এলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, হামলাকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে, সন্ত্রাসী হাত গুঁড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মাটিতে কোনো খুনি চক্রের জায়গা হবে না। আজ থেকেই পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে টুকু বলেন, রাজুর কী অপরাধ ছিল যে তাঁকে প্রাণ দিতে হলো? আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। এ হত্যাকাণ্ডে নিক্সন চৌধুরীর নির্দেশ ছিল বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। তাঁর অভিযোগ, এর পেছনে মূল মদদদাতা শেখ হাসিনা। রাজু হত্যার বিচার এবং শেখ হাসিনার ফাঁসি দাবি করেন তিনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ওই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর ভাষ্য, সেই খুনি চক্রের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।
শেখ হাসিনার দেশে ফিরে আসার প্রসঙ্গে তিনি বলেন, এত মানুষকে হত্যা ও গুম করার পরও সংশ্লিষ্টদের মধ্যে অনুশোচনা নেই। তারা আবারও হত্যাকাণ্ড চালাতে চায়। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, শেখ হাসিনা আর ফিরে আসবেন।
দেশের বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণের সম্পদ। পার্শ্ববর্তী দেশে অবস্থান করে যারা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের দেশের শত্রু বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না; বরং জনগণের ওপর হামলা চালায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নিহত রাজু মোল্লার বাবা আখতার মোল্লা ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে সেখানে রাজু মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে হামলার ঘটনায় নিহত হন কৃষক দল নেতা রাজু মোল্লা (৩০)। তিনি নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে এবং ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।























