পুনরায় হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আবারও হামলার আশঙ্কায় থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পুলিশ সদস্যদের পোশাক, অস্ত্র, সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান ও ইজিবাইকে করে থানা এলাকা ছাড়তে দেখা গেছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সদস্যরা গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশে যাচ্ছেন। তবে এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি কেউ।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক উপপরিদর্শক জানান, গত ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ২০০ পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় আসেন। উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন তাঁরা।
ওই উপপরিদর্শকের ভাষ্য, মঙ্গলবার রাতে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুলিশ সদস্যদের মধ্যে পুনরায় হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে তাঁরা থানা ছেড়ে পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন। তবে এটি পালিয়ে যাওয়া নয় বলে দাবি করেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের সমর্থকেরা থানা ঘেরাও করেন।
এ সময় পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বলে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি।
একপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে সূত্রগুলো জানিয়েছে। আগুনে থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়।






















