শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি থেকে বহিষ্কার দুই নেতা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের দুই নেতার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) রাতে পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় এনসিপি। দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তি এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী ও সংগঠনের নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্য বিজ্ঞপ্তিতে জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ থাকার কথা জানানো হয়েছে।
অভিযোগের গুরুত্ব এবং দলের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় তাকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এনসিপির সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দুই নেতার বিরুদ্ধেই নেওয়া সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনসিপি।
দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের বিষয়টি সামনে রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

























