জনগণ অন্ধ নয়, সবই দেখছে: শফিকুর রহমান
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি, অনিয়ম ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ করায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও জনসম্মুখে অপমানের অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।
রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘জনগণ অন্ধ নয়, সবই দেখছে।’
শফিকুর রহমান লিখেছেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তবে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে সাধারণ যাত্রীদের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এর মধ্য দিয়ে তিনি ভুক্তভোগী যাত্রীদের, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।
জামায়াত আমিরের অভিযোগ, আখতারুজ্জামানের প্রতিবাদকে গুরুত্ব দিয়ে বিমানবন্দরের দুর্বলতা ও অনিয়ম সংশোধনের উদ্যোগ না নিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আখতারুজ্জামান তাঁর সাহসিকতার প্রমাণ দিয়েছেন। একই সঙ্গে তিনি ভুক্তভোগী মানুষের কাছে ‘হৃদয়ের বীর’ হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন শফিকুর রহমান।






















