এক পরিবারে একাধিক সার ডিলার নয়, সরকারের নীতিমালাই বহাল
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
একই পরিবারের একাধিক ব্যক্তি সার ডিলার হতে পারবেন না—সরকারের এমন নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা তুলে দিয়ে তা বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে নতুন নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগ ও বিতরণে আর আইনি বাধা থাকল না।
বুধবার (৭ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, এ আদেশের ফলে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ অনুযায়ী সরকারের সার বিতরণ কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা নেই।
স্বজনপ্রীতি ঠেকাতেই নতুন নীতিমালা
সারের কৃত্রিম সংকট কমানো, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি বন্ধ এবং কোনো একটি পরিবারের হাতে সার ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রণ ঠেকাতে সরকার গত ২৭ আগস্ট নতুন এই নীতিমালা প্রণয়ন করে।
নীতিমালায় একই পরিবারের একাধিক সদস্যকে সার ডিলারশিপ দেওয়ার সুযোগ না রাখার বিধান রয়েছে।
নীতিমালা চ্যালেঞ্জ করে রিট
সরকারের নতুন নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সার ডিলাররা। শুনানি শেষে নীতিমালার ওপর স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট।
পরে হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বুধবার সরকারের পক্ষে আদেশ দেওয়ায় নতুন নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগ ও বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার পথ খুলে গেল।





















