নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ডিসেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের ‘অপতৎপরতা’ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, আইন দ্বারা নিষিদ্ধ কর্মকাণ্ড দেশে চালাতে দেওয়া হবে না। এ বিষয়ে পুলিশের অবস্থান কঠোর এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শফিকুল ইসলাম বলেন, রাজধানীর বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে ডিএমপি সতর্ক ও প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ডিবিপ্রধান জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও চলবে।
এদিকে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের ভাইরাল হওয়া অডিও নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ডিবিপ্রধান।
শফিকুল ইসলাম জানান, অডিওটির সত্যতা পাওয়া গেছে। তবে ওই অডিওর মাধ্যমে কোনো তথ্য পাচার করা হয়েছিল কি না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
তথ্য পাচারের অভিযোগের বিষয়টি বর্তমানে তদন্তাধীন জানিয়ে তিনি বলেন, তদন্তের ফলাফল পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















