ব্যয় বাড়ছে, আয় কমছে; সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪ শতাংশ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সংসারের খরচ বাড়ছে, কিন্তু সেই তুলনায় বাড়ছে না আয়। উল্টো মজুরি বৃদ্ধির হার কমেছে। এর মধ্যেই দেশে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সার্বিক মূল্যস্ফীতি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশে। আগস্টে এই হার ছিল ৮.২৬ শতাংশ।
বুধবার (৭ অক্টোবর) সেপ্টেম্বরের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও মজুরি হার সূচকের তথ্য প্রকাশ করে বিবিএস।
খাবারের দামেই বাড়ল চাপ
বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.২২ শতাংশ। আগস্টে যা ছিল ৭.০২ শতাংশ।
অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৩০ শতাংশে নেমেছে। আগস্টে এ হার ছিল ৯.৩২ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮.৯৮ শতাংশ।
অর্থাৎ সার্বিক মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে খাদ্যপণ্যের বাড়তি দামই বড় ভূমিকা রেখেছে।
গ্রামে মূল্যস্ফীতি বেশি
সেপ্টেম্বরে শহরের তুলনায় গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির হার কিছুটা বেশি ছিল।
গ্রামে সাধারণ মূল্যস্ফীতি আগস্টের ৮.৩১ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৮.৩৮ শতাংশ। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭.০১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.১৮ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৫৭ শতাংশে নেমেছে।
শহর এলাকায় সাধারণ মূল্যস্ফীতি আগস্টের ৮.২০ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৮.২৬ শতাংশ। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭.০৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.২৫ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮.৯৭ শতাংশ থেকে কমে হয়েছে ৮.৯৪ শতাংশ।
মূল্যস্ফীতি বাড়লেও কমেছে মজুরি বৃদ্ধি
সবচেয়ে উদ্বেগের জায়গাটি হলো—পণ্যের দাম বাড়লেও সেই হারে বাড়েনি মানুষের আয়।
বিবিএসের মজুরি হার সূচক (ডাব্লিউআরআই) অনুযায়ী, সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৯০ শতাংশে। আগস্টে এ হার ছিল ৮.০৫ শতাংশ।
খাতভেদে সেপ্টেম্বরে কৃষিতে মজুরি বেড়েছে ৭.৮৯ শতাংশ, শিল্পে ৭.৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮.০৭ শতাংশ।
অর্থাৎ মূল্যস্ফীতি যেখানে ৮.৩৪ শতাংশ, সেখানে মজুরি বৃদ্ধির হার ৭.৯০ শতাংশ। ফলে মানুষের আয় ও ব্যয়ের ব্যবধান নিয়ে চাপ আরও স্পষ্ট হচ্ছে।
৬৪ জেলার ১৪৩ বাজারের তথ্য
দেশের ৬৪ জেলার ১৪৩টি হাট-বাজার থেকে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে সেপ্টেম্বরের মূল্যস্ফীতি ও মজুরি হার সূচকের এই হিসাব তৈরি করেছে বিবিএস।



























