মহেশপুরে ড্রাগন বাগানে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ কিশোরের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগান থেকে জিহাদ হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্বজনরা।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামের একটি ড্রাগন বাগানের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জিহাদ ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। শনিবার সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিহাদের বলে শনাক্ত করেন।
স্বজন ও স্থানীয়দের ধারণা, রাতে ওই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হতে পারে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

























