বজ্রপাতের ঝুঁকি কমাতে জয়পুরহাটে ২০০ তালের চারা রোপণ
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
বজ্রপাতের ঝুঁকি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জয়পুরহাটে ২০০টি তালের চারা রোপণ করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার শুক্তাহার-ধারকি সংযোগ সড়কের দুই পাশে চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রোডাক্ট এক্সিকিউটিভ আহমেদুল কবির, ফিল্ড ম্যানেজার আব্দুল মাজিদ, এসএসডিও জয়নুল আবেদিন, জয়পুরহাট সদর কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অমল চন্দ্র রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা উম্মে হাবিবা সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকেরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন হোসাইনও উপস্থিত ছিলেন।
বজ্রপাতের ঝুঁকিতে কৃষকেরাই বেশি
আয়োজকেরা জানান, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ঝড়, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বজ্রপাতও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। প্রতিবছর বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটছে, যার মধ্যে খোলা মাঠে কাজ করতে গিয়ে কৃষকদের হতাহত হওয়ার ঘটনাও উল্লেখযোগ্য।
বিশেষজ্ঞদের উদ্ধৃত করে আয়োজকেরা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বজ্রপাতের প্রবণতা ও ঝুঁকি বেশি। গত কয়েক দশকে বজ্রপাতের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার।
সারাদেশে তালের চারা রোপণের উদ্যোগ
বজ্রপাতের ঝুঁকি বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন বজ্রপাতপ্রবণ এলাকায় তালের চারা রোপণের কর্মসূচি শুরু করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।
পাবনার চাটমোহরে ৫০০টি তালের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। এর ধারাবাহিকতায় এবার জয়পুরহাটে ২০০টি চারা রোপণ করা হলো।
চারা রোপণের পাশাপাশি স্থানীয় কৃষকদের মধ্যে বজ্রপাতের সময় করণীয় ও ঝুঁকি এড়ানোর বিষয়ে সচেতনতা বাড়াতে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন বজ্রপাতপ্রবণ এলাকায় তালের চারা রোপণের এ কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
























