মৌলভীবাজারে দুই রেস্টুরেন্টে ৫৭ হাজার টাকা জরিমানা

- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে সাগরিকা ও সকাল-সন্ধ্যা নামে দুই রেস্টুরেন্টকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
খাবারের দোকানে নোংরা ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং নানা অনিয়মের অভিযোগে মৌলভীবাজার শহরের দুই বিখ্যাত খাবার প্রতিষ্ঠানকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
অভিযান সূত্রে জানা যায়, শহরের চৌমুহনী এলাকার ‘সাগরিকা রেস্টুরেন্ট’ -এ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং অন্যান্য নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। গুরুতর এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একই সঙ্গে শহরের ‘সকাল সন্ধ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ একই ধরনের নোংরা পরিবেশ ও নানা অনিয়মের অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন জানান, জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় ভেজাল এবং নোংরা পরিবেশের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।




















