অন্যায় করলে কাউকে ছাড় দেবে না বিএনপি সরকার : সালাউদ্দিন টুকু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখতে পাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। অপরাধ যে-ই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে’
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সরকার কাজ করছে। তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠন করা হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিতভাবে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব। সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে।
তাঁর ভাষ্য, মাদক সেবনের ফলে মানুষ স্বাভাবিক বিচারবোধ হারিয়ে ফেলতে পারে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
মাদক দেশের ভেতরে উৎপাদিত হয় না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক দেশে ঢুকিয়ে যুবসমাজকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।
রাজনৈতিক নেতাকর্মীদের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকের বিষয়ে কোনো ধরনের তদবির করা যাবে না। নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
পুলিশ সদস্যদের কেউ মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, নিজেদের পক্ষ থেকেও বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা চলছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ আন্দোলন সফল করা সম্ভব বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন প্রধান রেফারি আজগর আলী। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শওকত, মোস্তফা কামালসহ পাঁচজন।
প্রতিযোগিতা শেষে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

























