৫১তম বিশেষ বিসিএসের আবেদন যেভাবে, ফি ২০৫ টাকা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার অনলাইন আবেদন, ফি পরিশোধ এবং প্রবেশপত্র সংগ্রহের নিয়ম প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। কমিশনের নির্ধারিত ওয়েবসাইটের পাশাপাশি টেলিটকের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে এসব নির্দেশনা।
এবারের বিশেষ বিসিএসের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।
সাধারণ প্রার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের দিতে হবে ৫৫ টাকা।
শুরুতেই যে তথ্য লাগবে
অনলাইনে আবেদন করতে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। পরিচয় ও শিক্ষাগত তথ্য যাচাইয়ের জন্য দিতে হবে এসএসসি বা সমমান পরীক্ষার রোল ও নিবন্ধন নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সাল।
শিক্ষা বোর্ডের ডাটাবেসের সঙ্গে তথ্য যাচাই হওয়ার পর প্রার্থীর নাম, বাবা-মায়ের নামসহ কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফরমে চলে আসবে। এসব তথ্য একবার যুক্ত হওয়ার পর আর পরিবর্তনের সুযোগ থাকবে না।
অনলাইন আবেদন ফরমটি মূলত তিনটি অংশে বিভক্ত—
ব্যক্তিগত তথ্য
শিক্ষাগত যোগ্যতা
ক্যাডার পছন্দ
ব্যক্তিগত তথ্যের সঙ্গে দিতে হবে শারীরিক তথ্যও
ব্যক্তিগত তথ্যের অংশে জন্মতারিখ, লিঙ্গ, বর্তমান চাকরির অবস্থা, কোটা, বৈবাহিক অবস্থা ও জাতীয়তা দিতে হবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা পাসপোর্ট নম্বর, উচ্চতা, ওজন এবং বুকের মাপ উল্লেখ করতে হবে।
প্রার্থীর জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে।
পুরুষ-নারীর শারীরিক যোগ্যতায় আলাদা শর্ত
৫১তম বিশেষ বিসিএসে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত শারীরিক যোগ্যতা পূরণ করতে হবে।
পুরুষ প্রার্থী:
ন্যূনতম উচ্চতা ১৫২ দশমিক ৪০ সেন্টিমিটার এবং ওজন ৪৮ দশমিক ৯৯ কেজি।
নারী প্রার্থী:
ন্যূনতম উচ্চতা ১৪৭ দশমিক ৩২ সেন্টিমিটার এবং ওজন ৪০ দশমিক ৮২ কেজি।
কোন পদে কত কোড?
শিক্ষাগত যোগ্যতার অংশে এইচএসসি ও স্নাতক পর্যায়ের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এবারের বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারের দুটি পদে নিয়োগ হবে।
সহকারী সার্জন — ক্যাডার কোড ৪১০
সহকারী ডেন্টাল সার্জন — ক্যাডার কোড ৪৫০
সহকারী সার্জন পদের জন্য এমবিবিএস এবং সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য বিডিএস ডিগ্রির তথ্য সংশ্লিষ্ট কোড অনুযায়ী দিতে হবে। জিপিএ বা বিভাগ উল্লেখের ক্ষেত্রে সরকারি প্রজ্ঞাপনে দেওয়া নিয়ম অনুসরণ করতে হবে।
ছবি-স্বাক্ষরে ভুল হলে কী করবেন?
আবেদনের সব তথ্য পূরণ করার পর ‘অ্যাপ্লিকেশন প্রিভিউ’ থেকে পুরো ফরমটি যাচাই করে নিতে হবে। কোনো ভুল থাকলে ফি দেওয়ার আগেই তা সংশোধন করতে হবে। কারণ আবেদন ফি পরিশোধের পর আর কোনো তথ্য পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না।
তথ্য চূড়ান্ত করার পর নির্ধারিত মাপ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
ছবির ক্ষেত্রে:
মাপ: ৩০০×৩০০ পিক্সেল
সর্বোচ্চ ফাইল সাইজ: ১০০ কিলোবাইট
ছবি রঙিন হতে হবে
তিন মাসের মধ্যে তোলা ছবি ব্যবহার করতে হবে
স্বাক্ষরের ক্ষেত্রে:
মাপ: ৩০০×৮০ পিক্সেল
সর্বোচ্চ ফাইল সাইজ: ৬০ কিলোবাইট
আবেদন সফলভাবে জমা হলে ছবি ও স্বাক্ষরসহ একটি আবেদনকারীর কপি পাওয়া যাবে। এতে ইউজার আইডি থাকবে। পরবর্তী সময়ে প্রয়োজন হতে পারে বলে কপিটি প্রিন্ট করে অথবা সংরক্ষণ করে রাখতে হবে।
ফি দেবেন যেভাবে
আবেদন ফি দিতে হবে টেলিটকের প্রিপেইড নম্বর থেকে নির্ধারিত নিয়মে দুটি এসএমএস পাঠিয়ে।
সাধারণ প্রার্থীদের মূল আবেদন ফি ২০০ টাকা। এর সঙ্গে শিক্ষা বোর্ডের তথ্য যাচাইয়ের চার্জ ও ভ্যাট যুক্ত হয়ে মোট দিতে হবে ২০৫ টাকা।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের মূল ফি ৫০ টাকা। যাচাই চার্জসহ তাদের মোট পরিশোধ করতে হবে ৫৫ টাকা।
ফি পরিশোধের প্রক্রিয়া শেষ হলে প্রার্থীকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তী সময়ে এই পাসওয়ার্ড ব্যবহার করেই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পাসওয়ার্ড হারিয়ে গেলে এসএমএসের মাধ্যমে তা পুনরুদ্ধারের ব্যবস্থাও রয়েছে।
তদবির করলে সরাসরি অযোগ্য
আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির করলে সংশ্লিষ্ট প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিপিএসসি।
অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে টেলিটকের নম্বর থেকে ১২১-এ কল করে প্রথমে ৮ এবং পরে ১ চাপলে হেল্পলাইনের সহায়তা নেওয়া যাবে।



























