বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দেশের অনলাইন সাংবাদিকতার পরিচিত মুখ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাকে লন্ডনের ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চিফ রিপোর্টার সুমন মাহমুদ শুক্রবার রাত ৮টার দিকে সংবাদমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি জানান, স্ট্রোকের পর তৌফিক ইমরোজ খালিদীর শারীরিক অবস্থা অবনতির দিকে ছিল। এরপর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
বিডিনিউজের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান জাহেদুল আই খান জানান, ছেলের সঙ্গে দেখা করতে তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে গিয়েছিলেন। কয়েক দিনের মধ্যেই তার দেশে ফেরার কথা ছিল।
দীর্ঘ দুই দশক বিডিনিউজে নেতৃত্ব
তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দেশের অনলাইন সংবাদমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


















