অনিয়ম ধরতে বোরকা পরে ভূমি অফিসে ঢাকার ডিসি

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সেবাগ্রহীতারা ঠিকমতো ভূমিসেবা পাচ্ছেন কি না, কোথাও হয়রানি বা অনিয়ম হচ্ছে কি না—তা সরেজমিনে জানতে এবার ছদ্মবেশে ভূমি অফিসে হাজির হলেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সাধারণ সেবাগ্রহীতার পরিচয়ে বোরকা পরে রাজধানীর উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সেখানে গিয়ে নিজেও সেবা নেন এবং ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
সেবাগ্রহীতারা কোনো ধরনের সমস্যা, হয়রানি বা জটিলতার মুখোমুখি হচ্ছেন কি না, তা জানতে চান ডিসি ফরিদা। পরে ভূমি অফিসের সার্বিক কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
সাধারণ মানুষ যাতে দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন জেলা প্রশাসক।
ফরিদা খানম বলেন, ‘আমি নিয়মিত আনুষ্ঠানিকভাবে ভূমি অফিসগুলো পরিদর্শন করি। তবে আনুষ্ঠানিক পরিদর্শনের সময় অনেক ক্ষেত্রে সেবার প্রকৃত চিত্র পুরোপুরি জানা সম্ভব হয় না। সাধারণ মানুষ ভূমিসেবা নিতে গিয়ে বাস্তবে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, সেটি সরেজমিনে জানতেই আমি সাধারণ সেবাগ্রহীতার পরিচয়ে এখানে এসেছি।’
এ ধরনের সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে ভূমিসেবার বাস্তব চিত্র জানা যায় উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়াও সম্ভব হয়।



























