ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ

- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট কমানো, খাল খনন ও জলাবদ্ধতা নিরসন এবং নিরাপদ ও টেকসই নগর গড়ে তোলার কার্যক্রম নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
যানজটে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা
সভায় মঈন খান বলেন, বড় শহরে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যানজটে নগরবাসীর মূল্যবান সময় নষ্ট হলে এর প্রভাব শুধু ব্যক্তিজীবনে নয়, সামগ্রিক অর্থনীতিতেও পড়ে। তাই ঢাকার যানজট কমাতে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে পরিচ্ছন্নতা
ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করেছেন। দেশব্যাপী এ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের বলেন মন্ত্রী।
এডিসের প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশনের চলমান কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।
খাল খনন ও জলাবদ্ধতা নিয়েও আলোচনা
সভায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা তাদের নিজ নিজ এলাকার চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। এতে নগরীর পরিচ্ছন্নতা, ডেঙ্গু নিয়ন্ত্রণ, যানজট নিরসন, খাল খনন, জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা গড়ে তোলার বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কার্যক্রমের অগ্রগতি দেখে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























