বাসের পর এবার লঞ্চেও বাড়ল ভাড়া, সর্বনিম্ন ৩৫ টাকা

- সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা এবার পড়ল নৌপথের যাত্রীদের ওপরও। বাসের পর লঞ্চের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন হারে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং এরপর প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
ভাড়া বাড়ানোর কারণ হিসেবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নৌযান পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ার কথা তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। নৌযান মালিকরা মোট ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের ওপর বাড়তি চাপ কমাতে সেই দাবি পুরোপুরি গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে ৭ দশমিক ৫৪ শতাংশ।
সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা
ভাড়া সমন্বয়ের সঙ্গে লঞ্চের সর্বনিম্ন ভাড়াও বাড়ানো হয়েছে। এতদিন যাত্রীদের সর্বনিম্ন ৩২ টাকা দিতে হতো। নতুন সিদ্ধান্তে তা বেড়ে হয়েছে ৩৫ টাকা।
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো সরকারের কাম্য নয়। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন খাতে ভাড়া সমন্বয় প্রয়োজন হয়ে পড়েছে।
তিনি বলেন, যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই ভাড়া যতটা সম্ভব কম বাড়ানোর চেষ্টা করা হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ভাড়া নিয়ে কোনো ধরনের নৈরাজ্য বা স্বেচ্ছাচারিতা বরদাশত করা হবে না বলেও জানান তিনি।
একই দিনে বাসের ভাড়াও বাড়ল
লঞ্চের ভাড়া বাড়ানোর কয়েক ঘণ্টা আগেই বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত জানায় সরকার। বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর কথা জানানো হয়।
অর্থাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোর পর একই দিনে সড়ক ও নৌ—দুই পথের গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হলো। এতে একদিকে বাসযাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে, অন্যদিকে নৌপথের যাত্রীদেরও আগের তুলনায় বেশি খরচ করতে হবে।























