প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়, থাকছে না আলাদা পরীক্ষা

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চারটি নতুন বিষয়। খেলাধুলা, আনন্দময় শিক্ষা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এসব বিষয়ের জন্য আলাদা করে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণ, ব্যবহারিক কাজ, বিভিন্ন কার্যক্রম এবং শেখার অগ্রগতির ভিত্তিতে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তাদের দক্ষতা যাচাই করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন বিষয়গুলো বাধ্যতামূলক করা হবে। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে যুক্ত হবে ‘খেলাধুলা’ (স্পোর্টস) ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ (কালচার)। আর ষষ্ঠ শ্রেণিতে থাকবে ‘আনন্দময় শিক্ষা’ (লার্নিং উইথ হ্যাপিনেস) এবং ‘আমার কারিগরি শিক্ষা’ (টেকনিক্যাল এডুকেশন)।
পরীক্ষার বদলে ধারাবাহিক মূল্যায়ন
নতুন বিষয়গুলোতে প্রচলিত পরীক্ষাভিত্তিক মূল্যায়নের পরিবর্তে শিক্ষার্থীর বাস্তব অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে। শ্রেণিকক্ষের কার্যক্রম, ব্যবহারিক কাজ এবং বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগে অংশ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা কী শিখছে, তা মূল্যায়ন করা হবে।
ছাপা হবে দেড় কোটির বেশি বই
নতুন বিষয়গুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে দেড় কোটির বেশি বই ছাপানোর প্রস্তুতি চলছে। এ জন্য ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দরপত্র আহ্বান, মুদ্রণ প্রতিষ্ঠান নির্বাচনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
এর পাশাপাশি নতুন বইগুলোর প্রণয়ন ও সম্পাদনার কাজও এগিয়ে চলছে। শিক্ষকদের সহায়তার জন্য তৈরি করা হচ্ছে প্রয়োজনীয় নির্দেশিকাও।
২০২৮ সালে পূর্ণাঙ্গ পরিবর্তনের পরিকল্পনা
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে শিক্ষা সংস্কার কমিশন গঠনের পাশাপাশি আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে প্রয়োজনীয় পরিমার্জন, সংযোজন ও বিয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতেই নতুন বিষয়গুলো যুক্ত করা হচ্ছে।
মাহাদী আমিন আরও জানান, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে দেশের পুরো শিক্ষাক্রম নতুন করে সাজানোর পরিকল্পনা রয়েছে। তার আগে ২০২৭ সাল থেকে নতুন বিষয় যুক্ত করার মাধ্যমে সেই পরিবর্তনের প্রাথমিক ধাপ শুরু করা হচ্ছে।



























