সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, ভোগান্তিতে কর্মজীবীরা

- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সাতসকালে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। অনেকেই ছাতা ছাড়াই বৃষ্টির মধ্যে পড়ে কাকভেজা হয়ে কর্মস্থলে পৌঁছান।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ বৃষ্টিতে সড়কে চলাচলকারী মানুষকে দুর্ভোগে পড়তে হয়।
ঢাকার আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



























