নৌকা স্থগিত, একক প্রার্থীর ব্যালটে ‘না’—ইসির নতুন বিধিমালা

- সংবাদ প্রকাশের সময় : ১২:১৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
নির্বাচন পরিচালনার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮’ সংশোধন করে জারি করা নতুন প্রজ্ঞাপনে ‘নৌকা’ প্রতীক স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি সংরক্ষণ করা হয়েছে ১২০টি প্রতীক।
শুধু প্রতীক বরাদ্দেই নয়, একক প্রার্থী থাকলেও ভোটারদের মত প্রকাশের সুযোগ রাখা হয়েছে। কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকলে ব্যালটে যুক্ত হবে ‘না’ প্রতীক। এর মাধ্যমে ওই প্রার্থীকে গ্রহণ বা প্রত্যাখ্যানের মতামত জানাতে পারবেন ভোটাররা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংশোধিত বিধিমালা–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রতীক তালিকায় নৌকা স্থগিত
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর বিধি-৯-এর উপবিধি (১) সংশোধন করেছে ইসি।
সংশোধিত বিধানে বলা হয়েছে, স্থগিত প্রতীক বাদ দিয়ে নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নতুন তালিকায় ‘নৌকা’ প্রতীককে পৃথকভাবে ‘স্থগিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংরক্ষিত প্রতীকগুলোর মধ্যে রয়েছে—আনারস, আপেল, আম, ঈগল, গরুর গাড়ি, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ডাব, তারা, বই, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, লাঙল, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুড়াল, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চেয়ার, ছাতা, জাহাজ, টর্চ লাইট, টেলিভিশন, তালা, দাঁড়িপাল্লা, ধানের শীষ, নোঙ্গর, পাগড়ি, পালকি, প্রজাপতি, ফুটবল, বৈদ্যুতিক পাখা, মশাল, মাছ, মোটরসাইকেল, মোবাইল ফোন, মোরগ, সিংহ, হাতি, হাতুড়ি, হেলিকপ্টার ও হ্যান্ডশেক।
একক প্রার্থী হলেও থাকবে ভোটারের বিকল্প
নতুন বিধিমালার অন্যতম পরিবর্তন একক প্রার্থীসংক্রান্ত। কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজনই থাকলে ব্যালটে ওই প্রার্থীর পাশাপাশি ‘না’ প্রতীক রাখার বিধান করা হয়েছে।
ফলে ভোটাররা শুধু একমাত্র প্রার্থীকে ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না; প্রার্থীকে গ্রহণ না করার মতামতও প্রকাশ করতে পারবেন।
নির্বাচনি ব্যয়ের হিসাবেও পরিবর্তন
নির্বাচনি ব্যয় নির্বাহের ক্ষেত্রেও সংশোধন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, প্রার্থীর নির্বাচনি ব্যয়ের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবের পাশাপাশি তার নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব নম্বর ব্যবহারের সুযোগ থাকবে।
হলফনামায় ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা
প্রার্থীর হলফনামা–সংক্রান্ত বিধানেও আনা হয়েছে পরিবর্তন। সংশোধিত বিধানে ‘অভিযুক্ত’ বলতে এমন আসামিকে বোঝানো হয়েছে, যার বিরুদ্ধে আদালত অভিযোগ বা চার্জ গঠন করেছে।
এ ছাড়া প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীল ব্যক্তিদের আয়কর–সংক্রান্ত তথ্য হলফনামায় দেওয়া ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।






















