হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবারও খোলা ব্যাংক

- সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ সহজ করতে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শুধু নিয়মিত সময়েই নয়, নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময় শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী বা গ্রাহক অর্থ জমা দিতে ব্যাংকে উপস্থিত থাকলে তাঁদের কাছ থেকে টাকা গ্রহণ করতে বলা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ বিষয়ে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। অর্থাৎ সেসব শাখায় হজ নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে।
এ ছাড়া ব্যাংকের নিয়মিত লেনদেনের সময় শেষ হয়ে গেলেও হজের অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহক ব্যাংকে উপস্থিত থাকলে তাঁর কাছ থেকে অর্থ গ্রহণ করতে হবে। তবে এ ক্ষেত্রে ব্যাংকের শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
হজ নিবন্ধনের নির্ধারিত সময়ের মধ্যে যাতে অর্থ জমা দিতে গিয়ে কোনো গ্রাহক সমস্যায় না পড়েন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই ব্যাংকগুলোকে এ বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।


























