স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে সহযোগিতার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন সরবরাহ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করার বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করেন তারা।
আলোচনায় থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করার পরিকল্পনা গুরুত্ব পায়। একই সঙ্গে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত কর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দক্ষ জনবল গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার নিয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত একটি ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও গেটস ফাউন্ডেশনের সিইও।
বৈঠকে স্বাস্থ্যসেবার পরিধি প্রান্তিক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।






















