হামের দাপট কমছেই না, আরও ১১ জনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহ ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে দুজন, সিলেটে একজন, খুলনায় একজন এবং রংপুরে দুজন মারা গেছেন।
মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।
সংক্রমণের হিসাবেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে এ পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে।
অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১১৩ জন। ফলে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৮৫১ জন।
হাসপাতালে ভর্তি দেড় লাখের বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন।
এই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।
























