ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, একদিনে প্রাণ গেল আরও ৬ জনের
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দেশে ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, নতুন ছয় মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। একই সময়ে আক্রান্তের মোট সংখ্যা পৌঁছেছে ৬৭ হাজার ৩৬৭ জনে।
একদিনে হাসপাতালে ভর্তি প্রায় ১ হাজার ৯০০
বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।
এর আগের দিন মঙ্গলবার ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছিল। সেদিন নতুন করে ১ হাজার ৮৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা।
দিন যত যাচ্ছে, ডেঙ্গুর সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির চাপ ততই বাড়ছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক পরিসংখ্যানে উঠে আসছে।
























