বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সাংবাদিকদের অধিকার ও ওয়েজবোর্ড বাস্তবায়নে কাজ করছে সরকার

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সাংবাদিকদের সার্বিক কল্যাণ, ওয়েজবোর্ড বাস্তবায়ন ও পেশাগত অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর কনসালটেশন সভায় তিনি এসব কথা বলেন। আগের সভায় পাওয়া মতামতের ভিত্তিতে সভায় একটি প্রেজেন্টেশনও উপস্থাপন করা হয়।
ইয়াসের খান চৌধুরী বলেন, প্রকৃত সাংবাদিকরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন, আবার সাংবাদিক নন এমন কেউ যেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা নিতে না পারেন—এ জন্য সাংবাদিক ও গণমাধ্যমের সংজ্ঞা স্পষ্ট করা প্রয়োজন।
তিনি বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা দরকার। একই সঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা যেন প্রকৃত সাংবাদিকদের কাছেই পৌঁছায়, সেটিও নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য একটি সুস্পষ্ট কাঠামো প্রণয়নের প্রস্তাব দেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে বার কাউন্সিলের আদলে কোনো ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ চান তিনি।
সভায় বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, একুশে টেলিভিশনের সিইও আবদুস সালাম, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও মোস্তফা আকমল, লেখক ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত, ইআরএফের সাবেক সভাপতি শারমিন রিনভী, দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং ইউএনবির ডেপুটি এডিটর মাসউদুল হকসহ অনেকে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামও বক্তব্য দেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























