বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক উড়োজাহাজ কেনার চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বিমান চলাচলের কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে প্রয়োজন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণ করা হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে হলে দেশের উড়োজাহাজের বহর বাড়াতে হবে। প্রয়োজনের ভিত্তিতেই বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা গোপন এজেন্ডা নেই।
দেশের বিমান চলাচল খাতের স্বার্থে বিভিন্ন ধরনের উড়োজাহাজের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ বহর গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় আন্তঃসরকারি সংস্থা অনুবিভাগের সচিব এম ফরহাদুল ইসলাম এবং অতিরিক্ত পররাষ্ট্রসচিব (জনকূটনীতি ও অন্যান্য অগ্রাধিকার বিষয়) এ কে এম শহীদুল করিম উপস্থিত ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, নিউইয়র্কে চার দিনের সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যাপক আলোচনা ও বিভিন্ন কর্মসূচি ছিল। তিনি প্রধানমন্ত্রীর সফরকে ‘সফল ও অর্থবহ’ বলে উল্লেখ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে বলেও দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই হয়।
চুক্তি সইয়ের আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বোয়িং ও বিমানকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বের সেরা বাণিজ্যিক উড়োজাহাজগুলোর আরও ১১টি কেনার এ চুক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য আরেকটি লাভজনক চুক্তি।
এর আগে গত এপ্রিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে সরকার। তখন দুই পক্ষের পক্ষ থেকে জানানো হয়, ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের ওই চুক্তি বিমানের ইতিহাসে সবচেয়ে বড় উড়োজাহাজ ক্রয়াদেশ।






















