আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে দায়ী করলেন নাহিদ ইসলাম

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০১:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ পরিস্থিতির জন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে এনসিপির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্নের মুখে পড়লেও স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বক্তব্য দিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন। সংস্কার ইস্যুতেও তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন।
এনসিপির আহ্বায়ক বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের কাছে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনাও এ প্রসঙ্গে তুলে ধরেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, রাজধানীতে ঘটেছে এবং গণমাধ্যমে এসেছে বলেই এসব ঘটনা বেশি আলোচনায় এসেছে। তার দাবি, দেশের অন্যান্য এলাকাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক বিভিন্ন ঘটনা ঘটছে।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির রাজনৈতিক পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।






















