দালালের খপ্পর এড়িয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান বরিশাল বিভাগীয় কমিশনারের

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বিদেশে যাওয়ার আগে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। তিনি বলেছেন, দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশ গিয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। সরকারি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধ পথে বিদেশ গেলে একদিকে ভালো বেতন পাওয়া সম্ভব, অন্যদিকে বাড়বে দেশের রেমিট্যান্স।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিদেশগামী কর্মীদের সচেতনতা বাড়াতে বরিশাল মহিলা টিটিসি ও টিটিসি বরিশালের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। বক্তব্য দেন টিটিসি বরিশালের অধ্যক্ষ গোলাম কবির এবং বরিশাল মহিলা টিটিসির অধ্যক্ষ আহমেদ আল ইমরান।
‘প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে বেতনও বেশি’
বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, বিদেশ যাওয়ার আগে সংশ্লিষ্ট কাজের ওপর যথাযথ প্রশিক্ষণ নেওয়া জরুরি। প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধ পথে বিদেশ গেলে কর্মীরা তুলনামূলক ভালো বেতনে কাজের সুযোগ পাবেন।
তিনি বলেন, অনেক কর্মী দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। পরে সেখানে গিয়ে নানা ধরনের প্রতারণা ও সমস্যার মুখে পড়েন। এ ধরনের ঝুঁকি এড়াতে সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে নিয়ম মেনে বিদেশ যাওয়ার পরামর্শ দেন তিনি।
বিশ্ববাজারে বাড়ছে দক্ষ কর্মীর চাহিদা
সেমিনারে বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বর্তমানে দক্ষ কর্মীর চাহিদা তুলনামূলক বেশি। তাই বিদেশ যাওয়ার আগে যে দেশে বা যে কাজে যাওয়ার পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়া উচিত।
বিশেষ করে নারী কর্মীদের জন্য বরিশাল মহিলা টিটিসিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের সুযোগ রয়েছে বলে জানান বক্তারা। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিরাপদ ও বৈধ পথে বিদেশে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনারে টিটিসির প্রশিক্ষক ও কর্মকর্তা, সাংবাদিক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

























