ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি—সনাক, টিআইবি ঝালকাঠির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পুলিশ সুপারের প্রতিনিধি ওসি (ক্রাইম) শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা এবং টিআইবির এরিয়া ম্যানেজার মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সনাক সদস্য ও ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বজলুর রশিদ।
আলোচনায় ডিজিটাল যুগে নাগরিকদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ার অধিকার, অপতথ্য প্রতিরোধে তথ্য অধিকারের ভূমিকা এবং তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা গেলে অপতথ্যের বিস্তারও অনেকাংশে রোধ করা সম্ভব।
























