অটোরিকশাকে চাপা দিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৪

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রামে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে একটি ট্রাক পাশের দোকানে ঢুকে পড়েছে। এতে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী উফারমারা গ্রামের ফাতুল মিয়া (৩৫), মোস্তাকিম (৩৮), আনোয়ার হোসেন (২০) এবং একই ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামের নুর আমিন (৩০)।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়।
ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এরপর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
আহতদের মধ্যে বাদশা (৫৫), জাফর উদ্দিন (৬০), দিপু মিয়া (৩০), মিশন মিয়া (২০), সাইফুল ইসলাম (৩২) ও আইনুল হক (৩৫) রয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করায় পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।























